বাংলা সংবাদ ডেস্ক
১২ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ভোট: আন্তর্জাতিক গণমাধ্যমে কীভাবে উঠে এলো

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এক নতুন বাস্তবতায় বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর অনুষ্ঠিত এই প্রথম সাধারণ নির্বাচনকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক ‘বড় পরীক্ষা’ ও ‘নতুন সূচনা’ হিসেবে বর্ণনা করেছে।

 

 

আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিবিসি, এএফপি, রয়টার্স, গার্ডিয়ান, আল-জাজিরা এবং সিএনএনসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে নির্বাচনের চিত্র ও বিশ্লেষণ উঠে এসেছে।

 

এএফপি

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোট দেওয়ার পর একে একটি ‘দুঃস্বপ্ন’ থেকে মুক্তি পেয়ে ‘নতুন স্বপ্নের’ পথে যাত্রা বলে অভিহিত করেছেন। এএফপি বলছে, প্রায় ১০ লাখ নিরাপত্তা বাহিনীর সদস্যের কড়া পাহারায় এই ভোট অনুষ্ঠিত হয়। তাদের বিশ্লেষণে উঠে এসেছে, জামায়াত নেতা শফিকুর রহমান সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচার চালিয়েছেন। অন্যদিকে বিএনপির তারেক রহমান তাঁর দল ক্ষমতা যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

 

 

নির্বাচনের আগে অনলাইনে ছড়িয়ে পড়া ‘তথ্য-সন্ত্রাস’ নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের উদ্বেগের বিষয়টি এএফপি বড় করে তুলে ধরেছে। তাদের মতে, কোটি কোটি তরুণ ও প্রথমবারের ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্যের ‘সুনামি’ বয়ে গেছে।

 

 

রয়টার্স

 

বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে বাংলাদেশের তরুণ ভোটার বা জেন–জির প্রত্যাশাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। রয়টার্স বলছে, ২০২৪ সালের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই তরুণেরা মূলত কর্মসংস্থান, সুশাসন এবং নির্ভয়ে কথা বলার অধিকারের দাবিতে ভোটকেন্দ্রে এসেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ২৮ শতাংশ তরুণ ভোটারের এই দেশে প্রার্থীরা যদি আগের মতো পুরোনো ধারার রাজনীতি করেন, তবে তা সফল হবে না। এ ছাড়া কৃষি খাতে ন্যায্যমূল্য নিশ্চিত করার মতো গ্রামীণ জনপদের দাবিগুলোও তাদের প্রতিবেদনে উঠে এসেছে।

 

 

রয়টার্স বিশেষভাবে উল্লেখ করেছে, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা স্নাতক সবচেয়ে বেশি বেকারত্বের মধ্যে রয়েছে। ২৪ বছর বয়সী মনিকা আক্তার এবং ২১ বছর বয়সী মুনিরুজ্জামানের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮৬ শতাংশ শিক্ষার্থীই বেকার। তাঁরা প্রত্যাশা করছেন, নতুন সরকার যেন প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটায়, যাতে তাঁরা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারেন। রয়টার্সের প্রতিবেদনে ধর্মীয় সংখ্যালঘুদের উদ্বেগের বিষয়টিও উঠে এসেছে। ২৪ বছর বয়সী প্রমিলা রানী দাসের বরাত দিয়ে বলা হয়েছে, সংখ্যালঘুরা সব সময় একটি ‘ট্যাগ’ নিয়ে বেঁচে থাকে। তারা এমন এক নতুন বাংলাদেশ চায়, যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মানুষ হিসেবে শান্তিতে বাস করতে পারবে।

 

 

আল–জাজিরা

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের প্রতিবেদনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের উদ্ধৃতি দিয়ে বলেছে, বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে’ চড়ে বসেছে এবং দ্রুতই গন্তব্যে পৌঁছাবে। নির্বাচন কমিশন জানায়, বেলা ২টা পর্যন্ত ভোট পড়ার হার ছিল প্রায় ৪৮ শতাংশ। প্রতিবেদনে এই নির্বাচনকে ২০০৮ সালের পর প্রথম ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সংবিধানে পরিবর্তনের বিষয়ে আয়োজিত ‘গণভোট’ বা রেফারেন্ডামকে তারা অভ্যুত্থানের একটি অন্যতম উত্তরাধিকার হিসেবে বর্ণনা করেছে।

 

 

আল–জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, এই নির্বাচন মূলত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের মধ্যে লড়াই। তারেক রহমান যেখানে দুর্নীতিবিরোধী প্রচারে এগিয়ে আছেন, সেখানে শফিকুর রহমান তাঁর দলকে একটি আধুনিক ও গ্রহণযোগ্য শক্তি হিসেবে প্রমাণের চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের সিরাকিউজ ইউনিভার্সিটির ভূগোলের অধ্যাপক ফারহানা সুলতানা আল-জাজিরাকে বলেন, এই নির্বাচন যদি জনগণের আস্থা ফেরাতে সফল হয়, তবে তা দেশের গভীর সংকটগুলো মোকাবিলায় একটি শক্ত ভিত্তি তৈরি করবে। তাঁর মতে, শিক্ষিত তরুণদের বেকারত্ব ও স্থবির অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন প্রজন্মের মধ্যে যে ক্ষোভ তৈরি করেছে, তা প্রশমনে এই পরিবর্তন জরুরি। ফারহানা সুলতানা বলেন, জলবায়ু পরিবর্তনের মতো অস্তিত্ব রক্ষার বিষয়গুলোকে নতুন সরকারকে শাসনব্যবস্থা ও অর্থনৈতিক পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে যুক্ত করতে হবে।

 

 

বিবিসি

 

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই প্রথম নির্বাচন। ঢাকার কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হওয়ার তথ্য জানিয়ে বিবিসি বলছে, এবারের লড়াই মূলত বিএনপি এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মধ্যে। ২০২৪ সালের গণ-আন্দোলনে নিহতদের বিচার এবং হাসিনা সরকারের ওপর আনা দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটও তাদের প্রতিবেদনে স্থান পেয়েছে। ভোটাররা কেবল সংসদ নির্বাচনের জন্যই নয়, বরং অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তনের ওপর একটি গণভোটেও অংশ নিয়েছেন। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, এই গণভোটটি মূলত ‘পুরোপুরি ভেঙে পড়া’ রাজনৈতিক ব্যবস্থাকে সংস্কার করার একটি প্রচেষ্টা।

 

 

ভোট শেষে ড. মুহাম্মদ ইউনূস বিবিসিকে বলেন, দেশ একটি ‘দুঃস্বপ্ন’ শেষে ‘নতুন স্বপ্ন’ দেখতে শুরু করেছে। তবে বিজয়ী সরকারের সামনে অর্থনীতি পুনর্গঠন এবং ভারতের সঙ্গে নাজুক কূটনৈতিক সম্পর্ক সামলানোর এক বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

 

 

দ্য গার্ডিয়ান

 

যুক্তরাজ্যের আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান গুরুত্ব দিয়েছে বিএনপি নেতা তারেক রহমানের একক সাক্ষাৎকারের ওপর। ১৭ বছরের নির্বাসন শেষে ফেরা তারেক রহমানকে আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে গার্ডিয়ান লিখেছে, তিনি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা আপসহীন নীতির অঙ্গীকার করেছেন। গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি এখন ধ্বংসের মুখে এবং যেকোনো নতুন সরকারের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহি ফিরিয়ে আনা হবে এক বিশাল চ্যালেঞ্জ।

 

 

সিএনএন

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে একটি ভিন্ন ও গভীর বিশ্লেষণ তুলে ধরেছে। তাদের মতে, ‘বিপ্লবে জিতেছে জেনারেশন জি, কিন্তু নির্বাচনে রাজত্ব করছে পুরোনো রাজনীতিকেরাই’। সিএনএন বলছে, তরুণেরা যে নতুন ধারার রাজনীতির স্বপ্ন দেখেছিল, রাজপথের সেই আকাঙ্ক্ষা নির্বাচনের মাঠে পুরোপুরি প্রতিফলন ঘটেনি। এ ছাড়া নারীদের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে ইসলামপন্থী দলগুলোর শক্তিশালী অবস্থান নিয়ে তরুণদের একাংশের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তার অনুভূতির কথাও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০