
যুক্তরাষ্ট্রের মিশিগানে কার্টার মিডল স্কুলের ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে স্কুলবাস। গত বুধবার ওয়ারেন শহরের এই ঘটনা ঘটে। বাসের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কার্টার মিডল স্কুলের ৬৬ শিক্ষার্থী ক্লাস শেষে স্কুলবাসে বাড়ি ফিরছিল। বাস চালাতে চালাতে হঠাৎই চালক অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁর জ্ঞান হারানোর মতো অবস্থা সৃষ্টি হয়। তিনি আর গাড়ির ব্রেক চেপে রাখতে পারছিলেন না। এমন অবস্থায় ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় শিক্ষার্থীরা। ইতিমধ্যে ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়,ডিলন রিভস নামের এক শিক্ষার্থী চালক থেকে পাঁচ সারি পেছনের আসনে বসে। সে তখন সামনে এসে ব্রেক চেপে বাসটি থামিয়ে দেয়। বাসটিকে থামানোর পর ডিলন চিৎকার করে অন্যদের জরুরি সেবা বিভাগকে ৯১১-এ ফোন দিতে বলে। এ ঘটনার পর ওয়ারেন শহরের বাসিন্দারা ডিলনকে বীর হিসেবে আখ্যা দিয়েছেন।
ওয়ারেনের কাউন্সিল সদস্য জোনাথন লাফেরটি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তোমার এ বীরত্বপূর্ণ কর্মকাণ্ড নিয়ে আমরা গর্বিত।’
সূত্র: বিবিসি
মন্তব্য করুন