বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো যোগ দিতে রাজি না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘চরম হতাশ’। স্থানীয় সময় গতকাল বুধবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে ন্যাটোর মহাসচিব মার্ক রুতে এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠকের পর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রুতে নানা বিষয়ে কথা বলেন। ট্রাম্পের সঙ্গে আলাপচারিতাকে তিনি ‘দুই বন্ধুর’ মধ্যে হওয়া একটি ‘অত্যন্ত স্পষ্ট ও খোলামেলা’ আলোচনা হিসেবে বর্ণনা করেন। তবে ইরান যুদ্ধকে ঘিরে ট্রাম্প ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন কি না, তা নিয়ে রুতে সরাসরি কোনো মন্তব্য করেননি।

 

 

 

ট্রাম্প ও রুতের বৈঠকটি এমন এক সংবেদনশীল সময়ে হলো, যার মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। চুক্তির আওতায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা রয়েছে। এর আগে ট্রাম্প ইরানের বেসামরিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে বলেছিলেন, তেহরানকে মঙ্গলবার সন্ধ্যার আলটিমেটামের মধ্যে এ প্রণালি খুলে দিতে হবে। অন্যথায় ইরানের ‘পুরো সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে’। এ আলটিমেটামের দেড় ঘণ্টা আগে ট্রাম্প নিজেই যুদ্ধবিরতির ঘোষণা দেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে আগ্রাসন শুরু করে। হামলার কয়েক দিনের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেয় ইরান। এতে প্রতি ব্যারেল জ্বালানির দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়।

 

 

 

এ পরিস্থিতিতে শক্তি প্রয়োগ করে জলপথটিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সেখানে মিত্রদের যুদ্ধজাহাজ পাঠাতে অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প, কিন্তু তারা তাতে সাড়া দেয়নি। এতে ট্রাম্প খুব চটে যান। এরপর ৭৭ বছরের পুরোনো সামরিক জোট ন্যাটোর তীব্র সমালোচনা করেন তিনি। জোটটিকে তিনি ‘কাগুজে বাঘ’ বলেও তুচ্ছতাচ্ছিল্য করেন। ট্রাম্প ও রুতের মধ্যে একসময় উষ্ণ সম্পর্ক ছিল। সে সম্পর্ককে কাজে লাগিয়ে আটলান্টিক পারের সামরিক মিত্রদের প্রতি ট্রাম্পের অবজ্ঞা কমাতে চেয়েছিলেন রুতে; কিন্তু তেমন সফল হননি। কারণ, ইরান যুদ্ধের সময় এই মিত্ররা ওয়াশিংটনকে সমর্থন দেয়নি।

 

 

 

বৈঠকের পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমাদের যখন ন্যাটোর দরকার ছিল, তখন তাদের পাওয়া যায়নি। ভবিষ্যতে কখনো দরকার হলেও তাদের পাওয়া যাবে না। গ্রিনল্যান্ডের কথা মনে আছে? ওই যে বড়, অব্যবস্থাপনায় ভরা এক বরফের খণ্ড!!!’ চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন, গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় মিত্রদের বাধা দেওয়ার পর থেকে ন্যাটোর ওপর তাঁর নতুন করে বিরক্তি ‘শুরু’ হয়। বুধবার ট্রাম্প-রুতে বৈঠকের আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, প্রেসিডেন্ট ন্যাটো ছাড়ার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন। লেভিট বলেন, ‘আমি মনে করি, এটি এমন একটি বিষয়, যা নিয়ে প্রেসিডেন্ট কয়েক ঘণ্টার মধ্যে মহাসচিব রুতের সঙ্গে আলোচনা করবেন।’

 

 

 

ট্রাম্প দীর্ঘদিন ধরেই ন্যাটোর সমালোচক। প্রথম মেয়াদে (২০১৭-২০) ট্রাম্প দাবি করেছিলেন, এ জোট থেকে তাঁর একতরফাভাবে বেরিয়ে যাওয়ার এখতিয়ার রয়েছে। তবে মার্কিন কংগ্রেস ২০২৩ সালে একটি আইন পাস করে, ফলে কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো মার্কিন প্রেসিডেন্টের একতরফাভাবে ন্যাটো থেকে বের হওয়া সম্ভব নয়। ন্যাটো ৩২টি দেশের একটি পারস্পরিক প্রতিরক্ষা জোট। এই জোটের মূল কথা হলো, কোনো একটি সদস্যদেশের ওপর হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য হবে, যা চুক্তির ‘আর্টিকেল ৫’ নামে পরিচিত। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই জোটের ইতিহাসে এই ধারা মাত্র একবারই কার্যকর করা হয়েছে, তা ছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তান ও ইরাকে অভিযানে ওয়াশিংটনের সঙ্গে অংশগ্রহণ। ন্যাটোর সমর্থন পাওয়া সত্ত্বেও ইরান যুদ্ধকে ঘিরে ট্রাম্প বারবার অভিযোগ করেছেন, জোটটি প্রমাণ করেছে, তারা যুক্তরাষ্ট্রের পাশে নেই।

 

 

ট্রাম্প-রুতে বৈঠকের আগে রিপাবলিকান সিনেটর মিচ মিচনেল ন্যাটোর সমর্থনে একটি বিবৃতি দেন। এতে তিনি বলেন, ‘১১ সেপ্টেম্বরের হামলার পর ন্যাটোর মিত্ররা আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য তাদের তরুণ সেনাদের পাঠিয়েছিল। সেখানে তাঁরা প্রাণও দিয়েছেন।’ গতকাল সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরও সঙ্গেও আলাদা করে বৈঠক করেন রুতে। বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়, তাঁরা ইরান যুদ্ধের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা এবং ন্যাটোর মিত্রদের মধ্যে সমন্বয় ও দায়িত্ব ভাগাভাগি করা নিয়ে আলোচনা করেছেন।

 

 

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০