যুক্তরাষ্ট্রের মিশিগানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের বার্ষিক বনভোজন। গত ১৬ আগস্ট ডেট্রয়েটের জেইন পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী গোলাপগঞ্জবাসী পরিবার-পরিজন নিয়ে অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু ও তরুণদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, র্যাফেল ড্রসহ নানা বিনোদনমূলক কার্যক্রম। অংশগ্রহণকারীদের উৎসাহ-উদ্দীপনায় পুরো এলাকা প্রাণচঞ্চল হয়ে ওঠে। র্যাফেল ড্রয়ের প্রথম ও দ্বিতীয় পুরস্কার হিসেবে দুটি গাড়ি প্রদান করা হয়। এছাড়া আরও বেশ কয়েকটি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের সভাপতি মামুন উদ্দিন শামসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাকের উদ্দিন সাদেকের সঞ্চালনায় অতিথি ও উপস্থিত সদস্যদের স্বাগত জানানো হয়।
বনভোজনে অংশ নিতে মিশিগানের বিভিন্ন শহর থেকে প্রবাসী গোলাপগঞ্জবাসীরা ছুটে আসেন। দীর্ঘদিন পর পরিচিতজন ও স্বজনদের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারী স্পন্সর, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি মামুন উদ্দিন শামসু। তিনি বলেন, সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের কারণেই এবারের আয়োজন সফল ও প্রাণবন্ত হয়েছে।
মন্তব্য করুন