যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি নবীন চিকিৎসক ডা. অদিতি সাহা অনন্যা। চিকিৎসক হিসেবে স্বপ্নের পথচলা শুরু করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার এমন অকাল মৃত্যু পরিবার, সহপাঠী, সহকর্মী এবং চিকিৎসক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডা. অদিতির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। তিনি বাবুল সাহার একমাত্র কন্যা। জানা গেছে, তিনি রাজধানীর জহিরুল হক শিকদার মেডিক্যাল কলেজের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে এমবিবিএস সম্পন্ন করার পর সম্প্রতি স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ইউনাইটেড স্টেটস মেডিক্যাল লাইসেন্সিং এক্সামিনেশন (USMLE) সম্পন্ন করে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন।
এর আগে তিনি রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ক্যামব্রিয়ান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চিকিৎসা পেশায় নিজের অবস্থান গড়ে তুলেছিলেন তিনি।
চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ইন্টারনাল মেডিসিন বিষয়ে রেসিডেন্সি শুরু করেন ডা. অদিতি। বহুদিনের লালিত স্বপ্ন পূরণের পর চিকিৎসক হিসেবে নতুন জীবন শুরু করেছিলেন। কিন্তু সেই স্বপ্নযাত্রা দীর্ঘস্থায়ী হয়নি। রেসিডেন্সি শুরুর অল্প সময়ের মধ্যেই শিকাগোর সড়কে ভয়াবহ দুর্ঘটনায় নিভে যায় তার সম্ভাবনাময় জীবন।
ডা. অদিতির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দেশে ও প্রবাসে শোকের ছায়া নেমে আসে। তার সহপাঠী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন। অনেকেই তাকে একজন মেধাবী, বিনয়ী, মানবিক ও নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে স্মরণ করে তার অকাল প্রয়াণে গভীর বেদনা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন