ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশি গ্র্যাজুয়েট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BGSA) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ‘অরুণোদয় ও নবীনবরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির পরিচিতি, নতুন বাংলাদেশি শিক্ষার্থীদের বরণ এবং গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বিনোদনমূলক কর্মসূচি। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হিলবেরি এবি স্টুডেন্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, পোস্টডক্টরাল গবেষক, প্রকৌশলী ও বিভিন্ন পেশার বাংলাদেশি পেশাজীবীরা অংশ নেন।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর কেক কেটে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। এরপর বিজিএসএর সভাপতি বিজয় কৃষ্ণ রায় এবং সাধারণ সম্পাদক মাহমুদ উন নবী স্বাগত বক্তব্য দেন। পরে বিজিএসএর কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ ও অ্যালামনাই সদস্যদের মঞ্চের সামনে নিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো, নবাগত শিক্ষার্থীদের সহায়তা করা এবং একাডেমিক ও পেশাগত যোগাযোগের সুযোগ তৈরি করাই বিজিএসএর অন্যতম লক্ষ্য।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বহুসাংস্কৃতিক পরিবেশে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেও সংগঠনটি কাজ করবে। অনুষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন করে যুক্ত হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়। এর মাধ্যমে নবাগতরা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। এ ছাড়া গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হয়।
তাদের অর্জন উদ্যাপনের পাশাপাশি পরবর্তী একাডেমিক ও পেশাগত জীবনের সাফল্য কামনা করে সম্মাননা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, প্রকৌশলী ও বিভিন্ন পেশার বাংলাদেশি পেশাজীবীদের অংশগ্রহণে শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞদের যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। এতে মেন্টরশিপ, ক্যারিয়ার পরামর্শ ও ভবিষ্যৎ সহযোগিতার পথ আরও সুগম হবে বলে জানান গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীরা। বিনোদনমূলক আয়োজন ও প্রীতিভোজ শেষে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়েইন স্টেট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর-রিসার্চ ড. শরীফ সিদ্দিকী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর-রিসার্চ ড. মো. হাফিজ উদ্দিন, পোস্টডক্টরাল গবেষক মৌসুমী খান ও মো. লুকমান হোসেন এবং ক্যাসটেক হাইস্কুলের সায়েন্স এডুকেটর মোহাম্মদ শাহ হাফিজ কবীর। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পিএইচডি শিক্ষার্থী সালমা আক্তার ও নুরানি হাফসা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেলানটিস এর ম্যানেজার ইঞ্জিনিয়ার অনন্ত সাইফ, ফোর্ড মটরস কোম্পানির ডাটা সায়েন্সটিসট ফারিয়া মাহনাজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাইমা হোসাইন, ইঞ্জিনিয়ার দেবানজান দিপ, ইঞ্জিনিয়ার সুরভী বণিক ও সাংবাদিক তোফায়েল রেজা সোহেল। বিজিএসএ-এর ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি হলেন বিজয় কৃষ্ণ রায়। সহ-সভাপতি হিসেবে রয়েছেন আবরার নূর-ই ফাইয়াজ এবং সাধারণ সম্পাদক মাহমুদ উন নবী। কমিটির অন্য সদস্যরা হলেন—কোষাধ্যক্ষ তাওসিফ চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ রিদওয়ানুল মুস্তাফা, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া আনজুম, সহকারী সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া খান সুজানা, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার, মিডিয়া সম্পাদক সামিনা আক্তার টুম্পা এবং ক্রীড়া সম্পাদক এস্তেহাদ পাঠান।
মন্তব্য করুন