যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে সনাতন ধর্মের আধ্যাত্মিক পথপ্রদর্শক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন করা হয়েছে।
গত ৮ জুন (রোববার) ডেট্রয়েটের দুর্গা মন্দিরে আয়োজিত হয় দিনব্যাপী পূজা-আর্চনা ও ধর্মীয় অনুষ্ঠান। সকালে অনুষ্ঠিত হয় পূজা ও বাল্যভোগ, দুপুরে আয়োজিত হয় গীতাযজ্ঞ। প্রতি বছরের মতো এবারও গীতাযজ্ঞ দেখতে ও অংশ নিতে মিশিগান ছাড়াও অন্যান্য অঙ্গরাজ্য থেকে বিপুল সংখ্যক ভক্ত দুর্গা মন্দিরে সমবেত হন। অনুকূল আবহাওয়ার কারণে এবারের ভক্তসমাগম ছিল চোখে পড়ার মতো।
পূজার পরপরই অনুষ্ঠিত হয় পুষ্পাঞ্জলি, কীর্তন, পাঁচালীপাঠ, আরতি এবং লোকনাথ শতনাম জপ। পরিবেশিত হয় লোকনাথ কীর্তনও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রামের ৩০৪ বছরের প্রাচীন তুলশীধাম মন্দিরের ধর্মীয় ব্যক্তিত্ব দেবদীপ পুরী মহারাজ। তিনি সনাতন ধর্মের বিভিন্ন দিক এবং শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর জীবনদর্শন নিয়ে বক্তব্য রাখেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটায় মহাপ্রসাদ বিতরণ করা হয়।
দুর্গা টেম্পলের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, অন্যান্য বছরের তুলনায় এবারে ভক্তদের উপস্থিতি ছিল অনেক বেশি। আমরা পূজায় কিছু বৈচিত্র আনার চেষ্টা করেছি এবং এতে সবার অংশগ্রহণ ছিল অত্যন্ত আনন্দঘন। দুর্গা মন্দির ছাড়াও মিশিগানের বিভিন্ন এলাকায় ব্যক্তি উদ্যোগেও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন করা হয়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে লোকনাথ ব্রহ্মচারীর ভক্তের সংখ্যা উল্লেখযোগ্য। যা প্রতিবার এই উৎসবকে এক মহাসংগ্রহে পরিণত করে।
মন্তব্য করুন