চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিয়ে রীতিমতো মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তান। ভারত টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তানে যেতে রাজি নয়, খেলতে চায় অন্য কোথাও।
আর পাকিস্তান অন্য কোনো দেশে ম্যাচ আয়োজন করতে রাজি নয়, চলছে ভারতকে ছাড়াই পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজনের ভাবনা।
ক্রিকেটে ভারত-পাকিস্তানের বিপরীতমুখী অবস্থানের রেশ এবার কাবাডিতেও। ভারত সরকার তাদের কাবাডি দলের পাকিস্তান সফর আটকে দিয়েছে। এ ছাড়া পাকিস্তানের ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ব্লাইন্ড ক্রিকেট দলও এখনো সরকারের ছাড়পত্র পায়নি।
পাকিস্তানের জিও টিভির অনলাইন খবরে বলা হয়, আগামী সপ্তাহে পাকিস্তানের মাটিতে ভারত কাবাডি দলের তিনটি ম্যাচ খেলার কথা। এ জন্য ভারত কাবাডি দল পাকিস্তান ভ্রমণের অনুমতি চাইলে তা প্রত্যাখ্যান করা হয়েছে। এরই মধ্যে খবরটি ভারতের দিক থেকে পাকিস্তান কাবাডি ফেডারেশনকে জানিয়ে দেওয়া হয়েছে।
সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর কর্তারপুর, ২১ নভেম্বর লাহোর এবং ২৩ নভেম্বর ভাওয়ালপুরে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তান কাবাডি দলের। ভারত সরকারের সিদ্ধান্তে সেটি থমকে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান কাবাডি ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ সারওয়ার, ‘এটা হতাশাজনক। আমরা এই ম্যাচগুলোর জন্য বিশেষভাবে অনুশীলন ক্যাম্প করেছি, দুই দেশের সমর্থকদের জন্য আনন্দদায়ক আয়োজন উপহার দিতে অর্থও ব্যয় করা হয়েছে।’
মন্তব্য করুন