সিলেট বিভাগের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘মদন মোহন কলেজ, সিলেট’-এর সাবেক ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলামের মিশিগান আগমন উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগান, ইউএস-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এসময় তারা সংবর্ধিত অতিথির সাথে এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে মদন মোহন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলাম বলেন, প্রবাসে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। আজকের এই আয়োজন সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আপনারা আমাকে যে সম্মান ও মর্যাদা দেখিয়েছেন, তাতে আমি আপ্লুত হয়েছি। সত্যিই এটা একজন শিক্ষকের জন্য খুবই আনন্দের। আমি আশা করছি, এই এসোসিয়েশন কমিউনিটির কল্যাণে নিরন্তরভাবে কাজ করবে এবং তাদের পারস্পরিক ভাতৃত্ব, আন্তরিকতা, ভালোবাসা, সহানুভূতি ও সহমর্মিতার একটি পরিবেশ সৃষ্টি করবে। আমাকে সম্মান ও মর্যাদা দেওয়ার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এ এসোসিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।
সংবর্ধনা অনুষ্ঠানে এসোসিয়েশন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লুতফুল বারী নিওন, ওলিউর রহমান, আমিনুর রশিদ চৌধুরী কাপ্তান , এড সালেহ আহমদ, নজরুল ইসলাম , মোহাম্মদ আফতাব , আবুল কালাম আজাদ, ডেইজি বেগম, নুসরাত আরা ডলি, রুনা কোরেশি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান, খালেদ আহমদ, ফয়সল আহমদ, লোকমান উদ্দীন, জুয়েল চৌধুরী, সাব্বির খান, জুমু বেগম, জিসান প্রমুখ। অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথি মদন মোহন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলামকে এসোসিয়েশনের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সভাপতির বক্তব্যে সৈয়দ মঈন দিপু বলেন, আপনাদের সরব উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সার্থক ও প্রাণবন্ত করে তুলেছে। এজন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি আশা করছি, আগামীতেও এসোসিয়েশনের সকল কার্যক্রমে আপনাদেরকে পাশে পাবো। আমি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিকসহ সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এসময় তিনি সংবর্ধিত অতিথির প্রতি উষ্ণ অভিনন্দন বার্তা জ্ঞাপন করেন এবং শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সাবেক ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলামের সাবেক ছাত্র-ছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন। আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন