হ্যামট্রামিক শহরে আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে একাধিক বাংলাদেশি প্রার্থী অংশ নিচ্ছেন, যাঁরা শুধু পরিচয়ের ভেতরে সীমাবদ্ধ নন, বরং নেতৃত্বের গুণাবলিতেও তাঁরা অনন্য।
গত এক-দেড় দশকে হ্যামট্রামিক শহরে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একসময়ের পোলিশ-প্রধান এই শহর আজ বহু জাতিগোষ্ঠীর সহাবস্থানে অনন্য ভূমিকা রাখছে। এখানকার দোকানপাট, স্কুল, কমিউনিটি সেন্টার, এমনকি শহরের খাবারের বৈচিত্র্যে এখন বাংলাদেশি ছোঁয়া স্পষ্ট। আমাদের অবস্থান কেবল সাংস্কৃতিক বা অর্থনৈতিক নয় এখন রাজনৈতিক স্তরেও দৃঢ় হচ্ছে। স্থানীয় নির্বাচন, বিশেষ করে সিটি কাউন্সিলের মতো স্থানীয় সরকার কাঠামোতে বাংলাদেশি প্রার্থীদের অংশগ্রহণ প্রমাণ করে, প্রবাসীরা এখানকার নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে প্রস্তুত।
দক্ষ, মূলধারার শিক্ষায় শিক্ষিত এবং একাধারে যুক্তরাষ্ট্রীয় মূল্যবোধ ও বাংলাদেশি শিকড়ের মাঝে দাঁড়িয়ে প্রার্থীগণ। কমিউনিটির ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে এঁরা লড়াকু। তাঁদের এজেন্ডায় রয়েছে সুশাসন, অপরাধ প্রতিরোধ, ছোট ব্যবসায় সহায়তা, স্থানীয় স্কুলে উন্নয়ন ইত্যাদি। রাজনীতিতে সক্রিয় হওয়া মানে শুধু ভোটে দাঁড়ানো নয়-স্থানীয় প্রশাসনে, নীতিনির্ধারণে এবং নাগরিক অধিকারের প্রশ্নে সরব থাকা।
আমরা আশা করি, হ্যামট্রামিকের বাংলাদেশি প্রার্থীরা দলমত নির্বিশেষে স্থানীয় জনগণের কল্যাণে কাজ করবেন। ঐক্যের বার্তা, নেতৃত্বের অনুপ্রেরণা এবং ভবিষ্যতের দিশারী হয়ে উঠবেন।
মন্তব্য করুন