নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২২ সালের জন্য শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করেছে একজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে। ব্যক্তি হিসেবে এবারের শান্তিতে নোবেল পুরস্কার পেলেন বেলারুশের মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কি।
সেইসাথে রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ এবারের শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীরা নিজ দেশে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন।
১৯৮০–এর দশকের মাঝামাঝি বেলারুশের গণতন্ত্র আন্দোলনের সূচনাকারীদের একজন ছিলেন আলেস বিলিয়াতস্কি। তিনি তার নিজের দেশে গণতন্ত্র প্রচার এবং শান্তি রক্ষার উন্নয়নে তার জীবন উৎসর্গ করেছেন।
সরকারী কর্তৃপক্ষে রোষানলে বারবার পড়তে হয়েছে আলেস বিলিয়াতস্কিকে। তিনি এখনও বিনা বিচারে আটক রয়েছেন।
মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ১৯৮৭ সালে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের মানবাধিকার কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী আন্দ্রে শাখারভ এবং মানবাধিকার আইনজীবী স্বেতলানা গানুশকিনা এই সংগঠন প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর, মেমোরিয়াল রাশিয়ার বৃহত্তম মানবাধিকার সংস্থায় পরিণত হয়। সংগঠনটি সামরিকবাদের বিরুদ্ধে লড়াই এবং আইনের শাসনের ভিত্তিতে মানবাধিকার ও সরকারকে উন্নীত করার প্রচেষ্টার অগ্রভাগে দাঁড়িয়েছে।
ইউক্রেনে মানবাধিকার ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে ২০০৭ সালে কিয়েভে সেন্টার ফর সিভিল লিবার্টিজ প্রতিষ্ঠিত হয়েছিল। ইউক্রেনীয় নাগরিক সমাজকে শক্তিশালী করার জন্য এবং ইউক্রেনকে একটি পূর্ণাঙ্গ গণতন্ত্রে পরিণত করার জন্য কাজ করছে তারা।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর, সেন্টার ফর সিভিল লিবার্টিজ ইউক্রেনের বেসামরিক জনগণের বিরুদ্ধে রাশিয়ান যুদ্ধাপরাধ শনাক্ত ও নথিভুক্ত করার প্রচেষ্টায় নিযুক্ত রয়েছে।
আরোও পড়ুনঃ ‘ব্লাড মুন’ দেখার সাক্ষী হতে চলেছে মিশিগান
মন্তব্য করুন