
সুনামগঞ্জের জামালগঞ্জের সুরমা নদীতে পাথর বহনকারী বাল্কহেড ও বালি বহনকারী নৌকার সংঘর্ষে তিন জন শ্রমিক নিখোঁজ হয়েছেন।
এঘটনায় তিন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিখোঁজরা হলেন-উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সেরমস্তপুর গ্রামের মৃত রমজান মিয়ার পুত্র তুলাই মিয়া (৫০) কামাল মিয়ার পুত্র এনাম মিয়া (২৩) ও দিরাই উপজেলার মুরাদপুর গ্রামের হারুন মিয়ার পুত্র হেলাল মিয়া (২২)।
বৃহস্পতিবার দিবাগত রাতে আনুমানিক ৮ টায় জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালপুর গ্রাম সংলগ্ন ও গোলকপুর নদীর বাঁকে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামালগঞ্জ থেকে মন্নান ঘাট এলাকার দিকে একটি বালি বোঝাই নৌকা বালি বিক্রির জন্য প্রতিদিনের মতো যাচ্ছিল।
ঘটনার রাত বালু নিয়ে যাওয়ার সময় গোলকপুর বাজার ও লালপুর গ্রাম সংলগ্নে নদীর বাঁকে পাথর বহনকারী বাল্কহেড বড় নৌকার সাথে সংঘর্ষ হয় বালি বহনকারী নৌকার।
এতে বালি বোঝাই নৌকাটি সুরমা নদীতে ডুবে যায়। রাতের বেলায় বালি বোঝাই ও খালি নৌকার মধ্যে সংঘর্ষ হয়েছে।
নৌকায় থাকা ৬ জন শ্রমিকের মধ্যে ৩ জন সাঁতার কেটে তীরে ওঠতে পারলেও অপর তিন জন নিখোঁজ রয়েছেন।
দুর্ঘটনার খবর শুনে আশপাশের গ্রামের লোকজন ও পুলিশ ফাঁড়ির সদস্যরা গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজদের সন্ধান পায়নি।
জামালগঞ্জ উপজেলার মন্নান ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় বাল্কহেড নৌকার চারজন মাঝিকে আটক করে জামালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁদের সন্ধানে আমরা কাজ করছি।
মন্তব্য করুন