সংস্কার কাজ শুরু হওয়ায় মঙ্গলবার (২৫ জুলাই) থেকে দুই মাসের জন্য সিলেটের সুরমা নদীর ওপর নির্মিত ঐতিহ্যবাহী ক্বীন সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সেতু প্রকৌশল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের ঐতিহাসিক এ সেতুতে অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির কয়েক স্থানে যানবাহনের ধাক্কায় গার্ড রেলিং, স্টিল ট্রাস বেঁকে গেছে। কয়েক জায়গায় স্টিলের পাত ক্ষয়প্রাপ্ত হয়ে দুর্বল হয়ে পড়েছে। এতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার শঙ্কা থাকায় জরুরি ভিত্তিতে সেতুটি মেরামত করা প্রয়োজন। যে কারণে মঙ্গলবার (২৫ জুলাই) থেকে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ক্বীন সেতু দিয়ে সব প্রকার যান চলাচল বন্ধ থাকবে। এ সময় জনসাধারণকে বিকল্প পথে যাতায়াতের জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, সিলেটে ঐতিহ্যের অংশ ক্বীন সেতুটি ব্রিটিশ আমলে টানা দুই বছর নির্মাণকাজ শেষে ১৯৩৬ সালে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল।
তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল ক্বীনের নামে এ সেতুর নামকরণ হয় ‘ক্বীন ব্রিজ’ বা ‘ক্বীন সেতু’। ১,১৫০ ফুট দৈর্ঘ্য এবং প্রায় ১৮ ফুট প্রস্থের বাংলাদেশের অন্যতম এই সেতুটি ৮৭ বছর ধরে সুরমা নদীর ওপর দাঁড়িয়ে আছে।
সিলেট নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন