মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মিশিগানের রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে মিসরীয়-আমেরিকান ডেমোক্র্যাট এবং সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুল আল-সাঈদ মার্কিন সিনেটে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন।
তিনি যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হতে যাচ্ছেন। তার বাবা-মা মিসর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন। ‘হাবিবি’ শব্দের অর্থ কী? আর কেনই বা ভ্যান্সকে ‘হাবিবি’ বললেন আল-সাঈদ?
বিজয় উদ্যাপনের জন্য মঞ্চে উঠে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ‘হাবিবি’ বলে সম্বোধন করেন আল-সাঈদ। মূলত বিজয়ী ভাষণে আরবি ভাষার স্নেহসূচক শব্দ ‘হাবিবি’ ব্যবহার করে ভ্যান্সকে কৌতুকের ছলে খোঁচা দেন তিনি। নির্বাচনি প্রচারের সময় কয়েক মাস ধরে আল-সাঈদ ও ভ্যান্সের মধ্যে বাগযুদ্ধ চলছিল।
রজার্সের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেওয়া ভ্যান্স আল-সাঈদকে ‘খুবই, খুবই খারাপ’ বলে আখ্যা দিয়েছিলেন। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘জিহাদি’ বলেছিলেন। নির্বাচনি প্রচারের সময় নিজের নাম ও ধর্মের কারণে আক্রমণের শিকার হয়েছিলেন আল-সাঈদ।
আল-সাঈদ বলেন, ‘জেডি, হাবিবি, কী চমৎকার পরিহাস—জানুয়ারিতে সংবিধান অনুযায়ী তোমাকেই আমাকে শপথ পড়াতে হবে।’ ডিকশনারি ডটকমের তথ্য অনুযায়ী, ‘হাবিবি’ একটি আরবি শব্দ। এর আক্ষরিক অর্থ ‘আমার ভালোবাসা’। তবে শব্দটি কখনো কখনো ‘আমার প্রিয়’, বা ‘প্রিয়জন’ অর্থেও ব্যবহৃত হয়।
বন্ধু, জীবনসঙ্গী কিংবা পরিবারের সদস্যদের স্নেহভরে সম্বোধন করতে শব্দটি প্রায়ই ব্যবহার করা হয়। আল-সাঈদ তার বিশ্ববিদ্যালয় মিশিগান ইউনিভার্সিটির উলভারিনস এবং ওহাইও স্টেট ইউনিভার্সিটির বাকআইসের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ তুলেও ভ্যান্সকে খোঁচা দেন।
যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটির ক্রীড়া দলের নাম উলভারিনস এবং ওহাইও স্টেট ইউনিভার্সিটির দলের নাম বাকআইস। আল-সাঈদ মিশিগান ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত, আর জেডি ভ্যান্স পড়াশোনা করেছেন ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে। তাই আল-সাঈদ মজা করে বলেছেন, ‘উলভারিনস ১, বাকআইস ০’। অর্থাৎ, তার কথায় মিশিগান ইউনিভার্সিটির পক্ষ এক গোলে এগিয়ে, আর ভ্যান্সের বিশ্ববিদ্যালয়ের দল পিছিয়ে।
মন্তব্য করুন