মিশিগানে অনুষ্ঠিত হলো MBCH-এর তৃতীয় বার্ষিক গ্র্যান্ড ইফতার। বিপুল উপস্থিতি ও অংশগ্রহণে আয়োজিত এ ইফতার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এ বছরের আয়োজনটি উপস্থিতির দিক থেকে মিশিগান স্টেট বৃহৎ ইফতার সমাবেশে পরিণত হয়েছে, যা কমিউনিটির ঐক্য, ঈমান ও পারস্পরিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
আয়োজক বোর্ড জানায়, পুরো কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের কারণেই অনুষ্ঠানটি বিশেষ মর্যাদা পেয়েছে। উপস্থিত সকল অতিথি ও কমিউনিটি সদস্যদের প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকদের মতে, নিবেদিতপ্রাণ স্পন্সর, স্বেচ্ছাসেবক এবং বোর্ড সদস্যদের কঠোর পরিশ্রম, অঙ্গীকার ও সমন্বিত প্রচেষ্টার ফলেই এত বড় আয়োজন সফল হয়েছে।

ইফতারের বিশেষ দিক হিসেবে জানানো হয়, অনুষ্ঠানে প্রায় ১৩০০-এর বেশি মানুষের সমাগম ঘটে। এছাড়া ৪০০-এরও বেশি বোনদের জন্য পৃথক ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে তাদের স্বাচ্ছন্দ্য, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল অংশগ্রহণকারীর মর্যাদা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই ছিল তাদের অগ্রাধিকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর গার্লিন গিলক্রিস্ট। তিনি বলেন, এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এর আগে তিনি কখনো মিশিগানের এত বড় ইফতার অনুষ্ঠানে উপস্থিত হননি বলেও উল্লেখ করেন। এত বড় বাঙালি কমিউনিটির সুসংগঠিত আয়োজন দেখে তিনি অভিভূত ও প্রশংসা প্রকাশ করেন। এছাড়াও মিশিগানের প্রায় সকল সম্মানিত ইমাম, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের কমিউনিটি সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকরা সকল অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
আয়োজকদের বক্তব্য অনুযায়ী, তাদের লক্ষ্য সবসময়ই ছিল কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক বন্ধন দৃঢ় করা এবং ইতিবাচক ও অর্থবহ পরিবর্তন সৃষ্টি করা। চলতি বছরের আয়োজনে সেই লক্ষ্য বাস্তবায়নের প্রতিফলন স্পষ্ট হয়েছে বলে তারা মনে করেন।
MBCH-এর ফাউন্ডার এবং প্রধান দেলওয়ার আনসার কমিউনিটির সকল সদস্য, বোর্ড মেম্বার এবং স্পন্সরদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ভবিষ্যতেও এমন কর্মসূচি ও আয়োজন অব্যাহত থাকবে, যা কমিউনিটির সংযোগ, একাত্মতা ও উন্নয়নকে আরও অনুপ্রাণিত করবে।
মন্তব্য করুন