ডেট্রয়েটের বায়তুল মোকাররম মসজিদ হিফজ শাখার ছাত্র, মাত্র ১০ বছর বয়সী নাকীব হাসান রায়হান পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে হাফেজে কোরআনের গৌরব অর্জন করেছে। তিনি বায়তুল মোকাররম মসজিদের সম্মানিত সভাপতি ডা. মোহাম্মদ সিরাজুল হক সাহেব এবং শায়খে হবিগঞ্জী রাহ. এর দৌহিত্র মন্জুর সামি হাসান ভাইয়ের পুত্র।
রায়হান নিয়মিত স্কুলের পড়ালেখার পাশাপাশি প্রতি শনিবার ও রবিবার মসজিদের হিফজ শাখায় অংশগ্রহণ করে। এছাড়া গ্রীষ্মকাল, শীতকাল, স্প্রিং ও ক্রিসমাস ব্রেকের সময়গুলো সম্পূর্ণভাবে হিফজে উৎসর্গ করে। উল্লেখযোগ্য যে, শুক্রবার ছাড়া প্রতিদিনই হিফজ ক্লাস চলত। ২০১০ সালের ১৮ সেপ্টেম্বর মাত্র ১ জন উস্তাদ ও ২ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করা বায়তুল মোকাররম হিফজ শাখাটি বর্তমানে ৬ জন শিক্ষক ও ৪০-এর বেশি ছাত্র নিয়ে পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত এখান থেকে ২৯ জন ছাত্র হাফেজে কোরআন হয়েছেন, যা কমিউনিটির জন্য এক গৌরবময় অর্জন।
এই উপলক্ষে গত রবিবার, ১৩ জুলাই ২০২৫, বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম মোহাদ্দিস সাহেব (শায়খে জুরি), শায়খে রেংগা রাহ. এর সাহেবজাদা শায়খ নুরুল ইসলাম সুফিয়ান সাহেব, বায়তুল মোকাররম মসজিদের সভাপতি ডা. সিরাজুল হক সাহেব, হাফিজ মাওলানা ক্বারী ফখরুল ইসলাম সাহেব, ইমাম শেখ আহমাদ কাশেম সাহেব, আল ফালাহ মসজিদের ইমাম মাওঃ আতাউর রহমান খান, দারুল কুরআন মসজিদের ইমাম মাওঃ সাইদ সাহেব, হাফিজ সাঁইদ সামাদ সাহেব, মাওঃ জাবেদ আহমদ সাহেব, হাফিজ ইউসুফ সাহেব এবং বায়তুল মোকাররম মসজিদের সম্মানিত উস্তাদগণ, হুফ্ফাজে কেরাম ও স্থানীয় কমিউনিটির বিশিষ্ট মুরব্বিগণ।
মাহফিলে হাফেজ রায়হানসহ গোটা মুসলিম উম্মাহ, দেশ ও জাতির মঙ্গল ও কল্যাণ কামনায় হৃদয়গ্রাহী মুনাজাত করা হয়। এই অনুষ্ঠানটি ছিল এক অনুপ্রেরণাদায়ী মুহূর্ত, যেখানে পরিশ্রম, আত্মত্যাগ ও দ্বীনি শিক্ষার প্রতি ভালোবাসা ও অঙ্গীকার সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। এটি ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনি শিক্ষার পথে এগিয়ে নিতে নিঃসন্দেহে এক সাহসী দৃষ্টান্ত হয়ে থাকবে।
মন্তব্য করুন