আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন-পরবর্তী সময়ে তিনি তিনটি নির্দিষ্ট খাতে কাজ করার পরিকল্পনা নিয়েছেন।
রবিবার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে এসব পরিকল্পনার কথা জানান ড. ইউনূস। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
উপ-প্রেসসচিব জানান, বৈঠকে আকিয়ে আবে ড. ইউনূসের কাছে নির্বাচন-পরবর্তী সময়ে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে প্রধান উপদেষ্টা জানান, তিনি মূলত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং থ্রি জিরো উদ্যোগ—এই তিনটি বিষয়ে কাজ চালিয়ে যাবেন।
ড. ইউনূসের প্রথম পরিকল্পনা অনুযায়ী, ডিজিটাল হেলথকেয়ার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে দেশে থাকা পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থাও জোরদার করা হবে।
মন্তব্য করুন