যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ বিমান ভ্রমণের ক্ষেত্রে নতুন নিরাপত্তা নীতি কার্যকর হতে যাচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে রিয়েল আইডি অথবা গ্রহণযোগ্য কোনো পরিচয়পত্র ছাড়া ঘরোয়া ফ্লাইটে ভ্রমণ করতে হলে যাত্রীদের বিমানবন্দরে অতিরিক্ত ৪৫ ডলার ফি দিতে হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
সরকারি ফ্লায়ারে জানানো হয়েছে, যেসব যাত্রীর কাছে রিয়েল আইডি নেই, তারা চাইলে পাসপোর্ট বা অন্যান্য গ্রহণযোগ্য পরিচয়পত্র ব্যবহার করে ভ্রমণ করতে পারবেন। তবে সে ক্ষেত্রে তাদের পরিচয় নিশ্চিত করতে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কনফার্মআইডি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে, যার জন্য নির্ধারিত ফি ৪৫ ডলার।
ফ্লায়ার অনুযায়ী, রিয়েল আইডির বিকল্প হিসেবে পাসপোর্ট কার্ড বা পাসপোর্ট বই ব্যবহার করা যাবে এবং এগুলো থাকলে অতিরিক্ত ফি এড়ানো সম্ভব হবে। তবে পাসপোর্ট কার্ড শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য গ্রহণযোগ্য, আন্তর্জাতিক আকাশ ভ্রমণের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। সে ক্ষেত্রে পাসপোর্ট বই প্রয়োজন হবে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পাসপোর্ট কার্ডের মূল্য ৩০ ডলার এবং এটি রিয়েল আইডির একটি গ্রহণযোগ্য বিকল্প হিসেবে বিবেচিত হবে ঘরোয়া ভ্রমণের জন্য। নতুন এই নিয়মের মাধ্যমে বিমানবন্দরগুলোতে পরিচয় যাচাই প্রক্রিয়া আরও কঠোর ও নিরাপদ করার লক্ষ্য নেওয়া হয়েছে। রিয়েল আইডি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট travel.state.gov/passportcard ঠিকানায়।
সংবাদটির উৎস: যুক্তরাষ্ট্র সরকার ও স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত অফিসিয়াল ফ্লায়ার।
মন্তব্য করুন