মার্কিন গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন এক চীনা নারী গুপ্তচরের সঙ্গে পরকীয়ার সম্পর্কের কথা স্বীকার করেছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।শীর্ষস্থানীয় এই এআই চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হুয়াং। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলাম।‘
‘আমার এই কর্মকাণ্ড তাকে এবং আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত হতে পারে না। আমি গভীরভাবে দুঃখিত।’রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনভিডিয়া বলে, জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছেন সাম্প্রতিক এমন খবরের পরিপ্রেক্ষিতে কোম্পানির পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্ত শুরু করছে।
গত মাসের শেষদিকে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, সিঙ্গাপুরভিত্তিক একটি ডেটা সেন্টারের চীনা কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের (যিনি হুয়াং লে নামেও পরিচিত) সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল।অ্যালিস হুয়াংয়ের ওপর নজরদারির বিষয়ে অবগত সূত্র এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও খাত-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা অ্যালিস হুয়াংকে বেইজিংয়ে তথ্য পাচারকারী চীনা গুপ্তচর হিসেবে বিবেচনা করেন।
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির এ সন্দেহের বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং নিউইয়র্ক টাইমসকে বলেন, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘ভিত্তিহীন কুৎসা ও অপপ্রচারের’ চালাচ্ছে।রোববার এনভিডিয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের পরিচালনা পর্ষদ ‘যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। জাতীয় নিরাপত্তা বা এনভিডিয়ার গোপনীয় তথ্য ফাঁস হয়েছে এমনটা মনে করার মতো কোনো কারণ পরিচালনা পর্ষদের কাছে না থাকলেও, বোর্ডের এই তদন্তে প্রাপ্ত সব তথ্য খতিয়ে দেখা হবে।’
পরিচালনা পর্ষদ জানিয়েছে, সিইও হুয়াং এই তদন্তকে সমর্থন করছেন এবং এতে পূর্ণ সহযোগিতা করতে সম্মত হয়েছেন। হুয়াংয়ের পদ ঝুঁকিতে থাকার কোনো আভাস পাওয়া যায়নি; বরং পরিচালনা পর্ষদ জানিয়েছে, ‘জেনসেন ও তার নেতৃত্বাধীন দলের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।’
এনভিডিয়ার চিপের ব্যাপক জনপ্রিয়তার কারণে তারা এখন শেয়ারবাজারের অন্যতম শীর্ষ ও চাহিদাসম্পন্ন প্রতিষ্ঠান। কোম্পানিটির বাজার মূলধন প্রায় ৪.৫ ট্রিলিয়ন ডলার। রোববার এনভিডিয়ার মুখপাত্র জন রিজো নিউইয়র্ক টাইমসকে বলেন, এই খবর এনভিডিয়ার গতি কমাতে পারবে না। জেনসেন কোনো বিরতি ছাড়াই সিইও হিসেবে এনভিডিয়াকে নেতৃত্ব দিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ট্রাম্প এআইকে সাদরে গ্রহণ করায় অন্যান্য প্রযুক্তি নেতাদের মতো হুয়াংও তার ঘনিষ্ঠ হয়েছেন। সেপ্টেম্বরে হোয়াইট হাউসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে এনভিডিয়া-প্রধান ও তার স্ত্রী লরি হুয়াং অংশ নিয়েছিলেন।সাম্প্রতিক এই খবরের পরিপ্রেক্ষিতে হুয়াংকে মার্কিন সরকারের গোপনীয় ব্রিফিং থেকে বাদ দেওয়া হয়েছে কি না, তা জানাতে রাজি হননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার তিনি সাংবাদিকদের বলেন, ‘বিষয়টির সংবেদনশীল প্রকৃতির কারণে আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না।’
হুয়াং মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র হলেও, যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ও এআই দৌড়ে প্রধান প্রতিদ্বন্দ্বীর কাছে সম্ভাব্য নিরাপত্তা তথ্য ফাঁসের বিষয়টি উপেক্ষা করা কঠিন হবে।সেপ্টেম্বরে ট্রাম্প বলেছিলেন, ‘এআইতে আমরাই চীনকে পেছনে ফেলে নেতৃত্ব দিচ্ছি। আমরা বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির দেশ। আর সত্যি বলতে, আমি এই অবস্থানটি ধরে রাখতে চাই; কারণ এআইয়ের দৌড়ে যে জিতবে, চূড়ান্ত বিচারে বিজয় তারই হবে।’
সূত্র’ দি ইন্ডিপেন্ডেন্ট
মন্তব্য করুন