
হিজাব না পরার কারণে ইরানে ২ নারীর মাথায় ঢেলে দেওয়া হলো দই ।নারী দুই জন দোকানে পণ্য কেনার সময় এ ঘটনা ঘটে। পরে ওই দুই নারীসহ জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। রোববার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে জনসমক্ষে চুল না ঢেকে রাখায় দই হামলার শিকার হয়েছেন দুই নারী।
এ সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, দোকানে দুই নারী দাঁড়িয়ে থাকার সময় তাদের কাছে একজন লোক এগিয়ে আসেন। পরে ওই দুই নারীর সঙ্গে কথা বলতে শুরু করে তিনি। এরপর তিনি দোকানের একটি শেলফ থেকে দইয়ের পাত্র নেন এবং একপর্যায়ে ক্ষুব্ধ অবস্থায় সেটি তিনি তাদের মাথায় ছুঁড়ে মারেন।
ইরানের বিচার বিভাগ বলেছে, দুই নারীকে তাদের চুল দেখানোর জন্য আটক করা হয়েছে। এছাড়া জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে বিচার বিভাগ জানিয়েছে। মূলত ইরানে জনসমক্ষে চুল উন্মুক্ত রাখা অবৈধ।
ইরানের বিচার বিভাগের বার্তাসংস্থা মিজান জানিয়েছে, এই ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং পরবর্তীতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, এর আগে মাথার চুল ঠিকভাবে ঢেকে না রাখার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছিল ।এবং নিরাপত্তা হেফাজতে ওই তরুণীর মৃত্যুর হয় । পর থেকে দেশটিতে টানা বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
মন্তব্য করুন