বাঙালি জাতির সংস্কৃতি প্রবাসের মাটিতে ছড়িয়ে দেওয়া ও শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্য নিয়ে মিশিগানের ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজ ডিস্ট্রিক্ট ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো এক জমকালো বাঙালি মেলা–২০২৫।
সংশ্লিষ্ট রাজ্যের ওই কলেজের ডেট্রয়েট ডাউনটাউনের কার্টিস এল. আইভরি অডিটরিয়ামে ‘চতুর্থ বার্ষিক বাঙালি মেলা’ নামে এই কালচারাল ইনরিচমেন্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’— এমন হৃদয়ছোঁয়া কলির সঙ্গে বাংলাদেশি, ভারতীয় বাঙালি ও মার্কিন শিক্ষার্থীদের কণ্ঠে বাংলাদেশের ঐতিহাসিক জাতীয় সংগীতের মধ্য দিয়ে শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় পুরো অডিটরিয়াম যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়।
অনুষ্ঠানে এক মার্কিন নারী সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ তথা বাঙালিদের কৃষ্টি ও সংস্কৃতির গৌরবোজ্জ্বল নানা দিক তুলে ধরেন। একই সঙ্গে বিশাল দুটি মনিটরে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ঐতিহাসিক স্থান নিয়ে ডিসপ্লে প্রদর্শিত হয়। এরপর বক্তব্য রাখেন ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজ ডিস্ট্রিক্টের ট্রেজার বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এএসএম কামাল রহমান, কলেজের ভাইস চ্যান্সেলর ফুরকান আহমেদ, ভাইস চ্যান্সেলর ড. সিঙ্গেলটন এবং অধ্যাপক ড. হারুন রশিদ প্রমুখ।
ড. হারুন রশিদের প্রাণবন্ত সঞ্চালনায় শুরু হয় বিশিষ্ট অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য ও প্রশ্নোত্তর পর্ব। পরে ‘বাংলা মিউজিক কালচারাল অর্গানাইজেশন অব মিশিগান’-এর পক্ষ থেকে ক্ষুদে ও অন্যান্য কণ্ঠশিল্পীরা বাংলাদেশ ও ভারতের কিংবদন্তি শিল্পীদের জনপ্রিয় গান একের পর এক পরিবেশন করে দর্শক–শ্রোতাদের মুগ্ধ করেন। এ সময় মার্কিন অতিথিদেরও আনন্দ ও উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়।
অডিটরিয়ামটি সাজানো হয়েছিল বাংলাদেশ, ভারত ও আমেরিকার নানান বৈচিত্র্যময় শিল্পকর্ম এবং সুস্বাদু খাবারের বাহারি আয়োজনে। যেন এই মেলার প্রদর্শনের মাধ্যমে একটি অপূর্ব বাংলাদেশের ভুখণ্ড, গ্রামবাংলার প্রকৃতি এবং বাঙালিদের মূল সংস্কৃতি ও জীবনযাত্রার প্রতিচ্ছবি তুলে ধরা হয় প্রবাসী শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে, যা তাদের নতুন অনুপ্রেরণায় উদ্বুদ্ধ করে। উল্লেখ্য, উচ্চ শিক্ষার জন্য উক্ত কলেজে বাংলাদেশি ও ভারতীয় বাঙালি শিক্ষার্থীদের উপস্থিতি এখন বেশ চোখে পড়ার মতো।
মন্তব্য করুন