নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস–২০২৬। বৃহস্পতিবার সকাল ১০টায় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, সিলেটের উদ্যোগে “সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে” প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা এবং বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
এ উপলক্ষে সিলেটের বাদাঘাট রোডের তেমুখী নাজিরগাঁস্থ কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণের সামনে থেকে একটি কিডনি রোগ সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, কিডনি রোগ অনেক সময় নীরবে অগ্রসর হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ প্রকাশ পাওয়ার আগেই রোগটি জটিল পর্যায়ে পৌঁছে যায়। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, কিডনি রোগের চিকিৎসা বিশেষ করে ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন অত্যন্ত ব্যয়বহুল। ফলে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে তা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা তুলনামূলক সহজ হয়। বক্তারা কিডনি সুস্থ রাখতে ভেজালমুক্ত ও সুষম খাবার গ্রহণ, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিব, নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফাতেমা খানম, পরিচালক (প্রশাসন) সৈয়দ সাদেক হোসেন, অতিরিক্ত পরিচালক (কল্যাণ ও সেবা) ফারিদা নাসরিন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মাআয রেজা চৌধুরী, ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মহিবুর রহমান রাসেল, ডা. আব্দুল করিম, ডা. আরিফ মো. রেজা, ডা. অভিজিৎ সিনহা অর্ণব, ডা. নাজমুস সাকিব আদিব, ডা. মাহবুবা ইয়াসমিন খোরাসানি, ব্যবস্থাপক (ল্যাবরেটরি) মো. রফিকুল ইসলাম ও নার্স ইনচার্জ আব্দুল হান্নানসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে দিবসটি উপলক্ষে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় উচ্চ রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, কিডনি রোগ নির্ণয়, মূত্র পরীক্ষা এবং চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. কাজী মুশফিক আহমেদ, ডা. নজমুস সাকিব, ডা. ফাতেমা খানম, ডা. মো. আব্দুল করিম, ডা. আরিফ মো. রেজা, ডা. অভিজিৎ সিংহ অর্ণব, ডা. নাজমুস সাকিব আদিব এবং ডা. মাহবুবা ইয়াসমিন খোরাসানি।
মন্তব্য করুন