
এক বার্গারের দাম ৭০০ ডলার। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে ড্রুরি বিয়ার গার্ডেন নামের রেস্তোরাঁ এই চিজবার্গার বাজারে আনতে যাচ্ছে। বাংলাদেশি মুদ্রায় তা ৭৪ হাজার ৯০০ টাকার বেশি ।
ফিলাডেলফিয়ার মিডটাউন ভিলেজে চালু হচ্ছে রেস্তোরাঁটি। উদ্যোক্তারা আশা করছেন, মূলত বার্গারপ্রেমীদের জন্য পছন্দের জায়গা হবে রেস্তোরাঁটি।
বিয়ার গার্ডেন রেস্তোরাঁর মালিকদের একজন জর্জ টিসিওরিস বলেন, বার্গারটিতে রয়েছে আয়ারল্যান্ডে তৈরি বেশ পুরোনো পনির। আরও রয়েছে মধু, তাজা কালো ট্রাফলি (বিশেষ ধরনের মাশরুম), গ্রিল করা লবস্টার। আর এ বার্গারের নাম ওয়াগয়ু স্টেক বার্গার।
জর্জ টিসিওরিস বলেন, ‘বিশ্বজুড়ে অসংখ্য মানুষের প্রিয় খাবারের তালিকায় রয়েছে বার্গার। আমরা গ্রাহকদের পাতে অসাধারণ, সৃজনশীল ও মজাদার খাবার তুলে দিতে পারব, এটা ভেবে আমরা বেশ আনন্দিত।’
শিগগিরই চালু হতে যাচ্ছে রেস্তোরাঁটি। চলছে শেষ সময়ের প্রস্তুতির কাজ। এরপরই গ্রাহকেরা ৭৫ হাজার টাকার বিনিময়ে আইরিশ পনির মেশানো বার্গারের স্বাদ নিতে পারবেন।
মন্তব্য করুন