
বাড়িতে রান্না করা মুরগির মাংস খাওয়া নিয়ে বিবাদের জেরে বাবার হাতে প্রাণ গেল ছেলের। মঙ্গলবার (৪ এপ্রিল )ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ কন্নড় জেলায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শিবরাম (৩২)। তাঁর বাবার নাম শিনা (৬০)। ছেলেকে খুনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি।
ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, বাড়িটিতে মুরগি রান্না করা হয়েছিল। পেশাকশ্রমিক শিবরাম কাজ শেষে রাতের বেলায় বাড়িতে ফিরে দেখেন, পুরো মুরগি খাওয়া শেষ। তাঁর জন্য কিছুই নেই। এতে তিনি ক্ষুব্ধ হন। এ নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে শিবরামের মাথায় কাঠ দিয়ে আঘাত করেন তাঁর বাবা। শিবরাম গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবাকে গ্রেপ্তার করে। নিহত শিবরামের স্ত্রী ও দুই সন্তান আছে।
মন্তব্য করুন