নতুন নেতৃত্ব, নতুন স্বপ্ন এবং বড়লেখাবাসীর ঐক্য ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে শপথ নিয়েছে বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের নবনির্বাচিত ২০২৬–২০২৮ কমিটি। শপথ গ্রহণকে ঘিরে রোববার ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে বসে উৎসবমুখর মিলনমেলা।
রোববার (৩০ আগস্ট ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের প্রবীণ সদস্য, নবনির্বাচিত নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামাল আহমেদ পাশার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন হাফিজ ফয়সল আহমদ। এরপর যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদ্য বিদায়ী সভাপতি মুজিবুর রহমান। তিনি বিদায়ী কমিটির বিভিন্ন কর্মকাণ্ড ও অভিজ্ঞতার কথা তুলে ধরে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। পাশাপাশি সংগঠনের ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। এরপর অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত শপথ গ্রহণ পর্ব। উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হালিম নবনির্বাচিত সভাপতি মাহবুব আহমেদ চৌধুরী আলালকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের প্রতি অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে পালনের মাধ্যমে বড়লেখাবাসীর কল্যাণে কাজ করাই হবে নতুন কমিটির অন্যতম অঙ্গীকার। পরে ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ শেষে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় করতালি ও শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে সংগঠনের প্রবীণ সদস্য ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তারা বলেন, নেতৃত্বের পরিবর্তন মানেই শুধু দায়িত্বের পরিবর্তন নয়, এটি সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও ঐক্যবদ্ধ করার নতুন সুযোগ।
অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার সাবেক মেয়র আবুল ইনাম চৌধুরী কামরান, হেমট্রামিক সিটির মেয়র প্রটেম আবু আহমদ মুসা, সাবেক গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনজুরুল কাদের এলিম, হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান কামরুল হাসান ও নাঈম লিয়ন চৌধুরী, মোহাম্মদ লায়েছ, বড়লেখা পৌর কাউন্সিলর কাউছার পারভেজ, খাজা সাহাব আহমেদ, এডভোকেট সেলিম হোসেন, ফারুক আহমদ চাঁন, আকমল হোসেন, আহাদ আহমেদ, সেলিম আহমেদ, ইঞ্জিনিয়ার আহাদ, মোশাররফ চৌধুরী লিটু, আজিজ সুমন, নুরুজ্জামান আখলাস, জাবেদ চৌধুরী, শাহাদাত হোসেন মিন্টু, আরমানি আছাদ, মনজুরুল করিম তুহিনসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।
শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রবীণদের শুভেচ্ছা, নতুন নেতৃত্বের অঙ্গীকার এবং সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর। প্রবীণদের অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের উদ্যমকে সঙ্গে নিয়ে বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির পথচলা শুরু হলো নতুন প্রত্যয় ও সম্ভাবনার বার্তা নিয়ে। ঐক্য, সম্প্রীতি ও মানবকল্যাণের প্রত্যয়ে নতুন কমিটির এই পথচলা আরও সফল ও সমৃদ্ধ হোক, এমন প্রত্যাশাই ছিল শপথ অনুষ্ঠানে উপস্থিত সবার।
মন্তব্য করুন