
আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানের গ্রেপ্তারকে ‘অবৈধ’ ঘোষণা করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে দেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে অবিলম্বে মুক্তি দিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে নির্দেশও দিয়েছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার(১১মে) ইমরান খানের গ্রেপ্তারের ওপর শুনানিকালে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল এই নির্দেশ দিয়েছেন। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ডন।
প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল জানান, এ বিষয়ে আজকের মধ্যেই সুনির্দিষ্ট আদেশ দেওয়া হবে এবং আদালত বিষয়টিকে ‘খুবই গুরুত্ব’ দিয়ে দেখছে।
গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয় পিটিআই চেয়ারম্যানকে। গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে একটি আবেদন করে পিটিআই।
এ আবেদনের শুনানির সময় প্রধান বিচারপতির আদেশে আজ বৃহস্পতিবার বিকেল সুপ্রিম কোর্টে হাজির করা হয় ইমরান খানকে।
হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানের গ্রেপ্তারকে দেশের বিচার বিভাগের জন্য একটি ‘অসম্মান’ বলে অভিহিত করেন প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল। পরে তিনি ইমরানকে সুপ্রিম কোর্টে হাজির করার নির্দেশ দেন।
ইমরানের আইনি দলের আরেক সদস্য সালমান সফদার তখন আদালতকে জানান, ইমরানকে গ্রেপ্তারে ৮০-১০০ জনের একটি দল সেখান যায়।
বেঞ্চের অপর বিচারপতি মিনাল্লাহ তখন মন্তব্য করেন, ‘এ ধরনের গ্রেপ্তার স্বাভাবিক ঘটনা হলে, কেউ আদালতে যাবে না।”কেউ যখন আদালতে আত্মসমর্পণ করছে, তাকে তখন গ্রেপ্তার করা যাবে না,’ যোগ করেন তিনি।
প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল এ সময় জানান, আদালত এনএবির ওয়ারেন্টের বৈধতা এবং সম্মতি পর্যালোচনা করবে। তিনি বলেন, ‘আদালতে আত্মসমর্পণের অধিকার নষ্ট করা যাবে না।’
মন্তব্য করুন