যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির সিটি স্কয়ারে গত ১৯ ও ২০ জুলাই, দুই দিনব্যাপী এক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘দেশী সামার জ্যাম’ মেলা। বাংলাদেশ মাল্টিকালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা প্রবাসী বাংলাদেশিদের জন্য বয়ে এনেছিল এক টুকরো বাংলাদেশ।
প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা এই আয়োজনে ছিল গান, নৃত্য, নাটক, ফ্যাশন শো এবং ট্যালেন্ট শো-সহ বৈচিত্র্যময় সব পরিবেশনা। দর্শকদের জন্য ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র-এর ব্যবস্থা, যেখানে গাড়িসহ নানা মূল্যবান পুরস্কার জেতার সুযোগ ছিল।
এবারের মেলায় বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। তাদের মধ্যে ছিলেন শুভ্র দেব, বিন্দু কণা, এবং দিনাত জাহান মুন্নী। বিশেষ করে শুভ্র দেবের গাওয়া সিলেটের জনপ্রিয় গান ‘আমি লন্ডনী পূয়া চাই যে হকলোর দোয়া’ পরিবেশনের সময় দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। গানটির সাথে সকলে ঠোঁট মিলিয়ে নেচে-গেয়ে অংশ নেন, যা এক দারুণ আনন্দঘন মুহূর্তের সৃষ্টি করে।
শুধু জনপ্রিয় শিল্পীরাই নন, স্থানীয় শিল্পী ও কলাকুশলীরাও তাদের নানা পরিবেশনায় মেলাকে আরও প্রাণবন্ত করে তোলেন। মেলায় ছিল বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের দোকান, যেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী সব খাবার পরিবেশন করা হয়। এছাড়াও কাপড়, অলংকার, ঘর সাজানোর সামগ্রীসহ নানান বাহারি স্টল বসেছিল, যা মেলায় আসা ক্রেতাদের জন্য ছিল এক বাড়তি আকর্ষণ।
২০ জুলাই বিকেলে, মিশিগান বাংলা থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হয় হাসির নাটক ‘বাজারী বিয়ে’। কমেডি ঘরানার এই নাটকে অভিনয় করেন কবি ও গীতিকার ইশতিয়াক রুপু, হারান সেন, সঞ্জয় দেব, অজিত ধর, এবং অংকুর দেব-সহ আরও অনেকে, যা দর্শকদের প্রচুর আনন্দ দেয়।
সব মিলিয়ে ‘দেশী সামার জ্যাম’ মেলা মিশিগানের প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি সফল এবং আনন্দময় মিলনমেলায় পরিণত হয়েছিল, যা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে এক সুতোয় গেঁথে তুলে ধরেছিল।
মন্তব্য করুন