আবুল কাসেম
৯ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাসের প্রান্তরে অমলিন পদচিহ্ন: জর্জ ওয়াশিংটন

ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁদের জীবন শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয় বরং একটি জাতির জন্ম, সংগ্রাম ও ভবিষ্যৎ নির্মাণের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে। তেমনই এক কিংবদন্তি ব্যক্তিত্ব হলেন জর্জ ওয়াশিংটন। তিনি শুধু যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টই নন, বরং আমেরিকার স্বাধীনতা সংগ্রামের প্রধান সেনাপতি, নতুন রাষ্ট্রের সংবিধান প্রণয়নের পথপ্রদর্শক এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রতিষ্ঠায় অন্যতম স্থপতি।

 

১৭৩২ সালের ২২ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই মহান নেতার জীবন সংগ্রাম, সাহস, দূরদর্শিতা ও নেতৃত্বের এক অনন্য কাহিনি। একজন তরুণ ভূমি জরিপকারী থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা নেতায় পরিণত হওয়ার এই গল্প আজও মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য অধ্যায়। তিনি দায়িত্বের মধ্যেই বেড়ে উঠেছেন। জর্জ ওয়াশিংটনের জন্ম ব্রিটিশ ঔপনিবেশিক আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ওয়েস্টমোরল্যান্ড কাউন্টিতে। তাঁর বাবা ছিলেন অগাস্টিন ওয়াশিংটন সিনিয়র এবং মা ম্যারি বল ওয়াশিংটন।

 

পরিবারটি ছিল সমৃদ্ধ বাগানমালিক পরিবার। তাঁদের বিশাল জমি ও খামারে তামাক চাষ হতো, যা থেকে প্রচুর আয় আসত। কিন্তু মাত্র ১১ বছর বয়সে বাবার মৃত্যু তাঁর জীবনে বড় পরিবর্তন এনে দেয়। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে এবং তাঁর আনুষ্ঠানিক শিক্ষাজীবনও বাধাগ্রস্ত হয়। বড় ছেলে হিসেবে পরিবারের দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে।
কৈশোরে তিনি মায়ের সঙ্গে পারিবারিক বাগান ও খামারের কাজ দেখাশোনা করতেন। এই অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছিল পরিশ্রম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ-যা পরবর্তী জীবনে তাঁর নেতৃত্বগুণের ভিত গড়ে দেয়।

 

১৭৪৯ সালে মাত্র ১৭ বছর বয়সে জর্জ ওয়াশিংটন পেশাদার ভূমি জরিপকারী (সার্ভেয়ার) হিসেবে কাজ শুরু করেন। ১৮ শতকের আমেরিকায় ভূমি জরিপ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা। নতুন নতুন বসতি স্থাপন ও জমির মালিকানা নির্ধারণে জরিপকারীদের প্রয়োজন ছিল ব্যাপক। এই কাজের সুবাদে তিনি ভার্জিনিয়ার বিস্তীর্ণ অঞ্চল ভ্রমণ করেন এবং প্রকৃতি, মানুষ ও সমাজ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন। কঠিন পরিবেশে কাজ করতে করতে তাঁর চরিত্র আরও দৃঢ় হয়ে ওঠে।

 

তরুণ বয়স থেকেই তাঁর মধ্যে সামরিক জীবনের প্রতি আকর্ষণ ছিল। ১৭৫২ সালে তিনি ভার্জিনিয়া মিলিটিয়াতে যোগ দেন। ১৭৫৪ সালে তাঁকে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত করা হয় এবং ভার্জিনিয়া রেজিমেন্টের দ্বিতীয় কমান্ডার করা হয়। এই সময় শুরু হয় ফ্রেঞ্চ ও ইন্ডিয়ান যুদ্ধ যা ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্যের মধ্যে উত্তর আমেরিকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘটিত এক বড় যুদ্ধ। এই যুদ্ধে তাঁর নেতৃত্ব, সাহস ও কৌশল সবার নজর কাড়ে। ১৭৫৫ সালে তিনি কর্নেল পদে উন্নীত হন এবং ভার্জিনিয়া রেজিমেন্টের কমান্ডার হন। ১৭৫৮ সালে তিনি সামরিক বাহিনী থেকে পদত্যাগ করেন, তবে যুদ্ধক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা পরবর্তী জীবনে তাঁকে একজন অসাধারণ সামরিক নেতা হিসেবে গড়ে তোলে।

 

সামরিক জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি নিজের বাড়ি মাউন্ট ভার্নন-এ ফিরে আসেন এবং কৃষিকাজ ও বাগান ব্যবস্থাপনায় মনোনিবেশ করেন।
১৭৫৮ সালে তিনি ভার্জিনিয়ার ঔপনিবেশিক আইনসভা হাউস অব বার্জেসেস-এর সদস্য নির্বাচিত হন। এরই মধ্যদিয়ে তিনি রাজনীতি অঙ্গনে পা রাখেন। প্রায় ১৫ বছর তিনি এই দায়িত্ব পালন করেন। ১৭৫৯ সালে তিনি ধনী বিধবা মার্থা ড্যান্ডরিজ কাস্টিসকে বিয়ে করেন। বিয়ের পর মার্থা ওয়াশিংটন নামে পরিচিতি পান। এই বিয়ের মাধ্যমে জর্জ ওয়াশিংটনের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়।

 

 

 

১৮ শতকের ষাটের দশকে ব্রিটিশ সরকার আমেরিকান উপনিবেশগুলোর ওপর একের পর এক কর ও কঠোর আইন চাপিয়ে দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল- স্ট্যাম্প অ্যাক্ট, টাউনশেন্ড অ্যাক্টস, বোস্টন ম্যাসাকার, ইনটলারেবল অ্যাক্টস। এই আইনগুলো আমেরিকানদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে। জর্জ ওয়াশিংটনও ব্রিটিশ সরকারের এই অন্যায্য নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন।

 

১৭৭৫ সালের ১৯ এপ্রিল শুরু হয় আমেরিকান রেভল্যুশনারি ওয়ার। ১৭৭৫ সালের জুনে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় কনটিনেন্টাল কংগ্রেসে তাঁকে কন্টিনেন্টাল আর্মির প্রধান সেনাপতি নির্বাচিত করা হয়। তাঁর নেতৃত্বে আমেরিকান বাহিনী দীর্ঘ আট বছর ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম চালায়। অবশেষে ১৭৮৩ সালে ট্রিটি অব প্যারিস স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে এবং ব্রিটেন আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।

 

যুদ্ধ শেষে তিনি সেনাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন যা বিশ্ব ইতিহাসে বিরল এক উদাহরণ হিসেবে প্রশংসিত হয়। ১৭৮৭ সালে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত কনস্টিটিউশনাল কনভেনশন-এর সভাপতিত্ব করেন তিনি। রাষ্ট্রগঠনের মহান দায়িত্ব তুলে নেন কাঁধে। এই সম্মেলনের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয়, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সংবিধান হিসেবে বিবেচিত।

 

১৭৮৯ সালে নতুন সংবিধানের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জর্জ ওয়াশিংটন সর্বসম্মতিক্রমে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৭৮৯ সালের ৩০ এপ্রিল তিনি শপথ গ্রহণ করেন। ১৭৮৯ থেকে ১৭৯৭ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি দেশ পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার গড়ে ওঠে এবং জাতীয় ঐক্য সুদৃঢ় হয়। তিনি ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের ঐতিহ্য প্রতিষ্ঠা করেন এবং স্বেচ্ছায় তৃতীয় মেয়াদে নির্বাচন না করে গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেন।

 

জীবনের শেষদিকে তিনি দাসপ্রথার বিরোধিতা করেন এবং তাঁর মালিকানাধীন দাসদের মুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন। ১৭৯৯ সালের ১৪ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। আজও তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বাধীনতা, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতীক হিসেবে সম্মানিত। তাঁর নামেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি,সি-এর নামকরণ করা হয়েছে।

 

জর্জ ওয়াশিংটনের জীবন এক অনন্য অনুপ্রেরণার গল্প। একজন তরুণ ভূমি জরিপকারী থেকে শুরু করে স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা নেতায় পরিণত হওয়ার ইতিহাসের ভাঁজে ভাঁজে রয়েছে তাঁর সততা, নেতৃত্ব, দূরদর্শিতা ও দেশপ্রেম। শুধু যুক্তরাষ্ট্রের ইতিহাসেই নয়, বরং বিশ্ব গণতন্ত্রের ইতিহাসেও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন জর্জ ওয়াশিংটন। ইতিহাসের বিস্তীর্ণ প্রান্তরে অনেক নেতা এসেছেন, অনেকেই ক্ষমতার শিখরে উঠেছেন; কিন্তু কজনই বা আছেন, যাঁদের পদচিহ্ন সময়ের স্রোত পেরিয়েও অমলিন থেকে যায়? জর্জ ওয়াশিংটন তাঁদেরই একজন। তিনি শুধু একটি দেশের স্বাধীনতার পথপ্রদর্শক নন, বরং দায়িত্ববোধ, সততা, আত্মসংযম ও গণতান্ত্রিক আদর্শের এক অনন্য প্রতীক।

 

ক্ষমতা হাতে পেয়েও তিনি ক্ষমতার মোহে অন্ধ হননি; বরং জাতির কল্যাণকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন। তাঁর নেতৃত্বে জন্ম নেওয়া একটি নবীন রাষ্ট্র আজ বিশ্বের অন্যতম শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। এই অর্জনের পেছনে রয়েছে তাঁর দূরদর্শী চিন্তা, দৃঢ় নৈতিকতা এবং জনগণের প্রতি গভীর দায়বদ্ধতা। সময়ের প্রবাহে শতাব্দী পেরিয়ে গেলেও জর্জ ওয়াশিংটনের আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ আজও বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

বিশ্ববাজারে তেলের দামে উর্ধ্বগতি, ব্যারেলপ্রতি দাম ১০০ ডলার ছাড়াল

দুবাইয়ে বোমা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন, গ্রামে শোকের মাতম

ইতিহাসের প্রান্তরে অমলিন পদচিহ্ন: জর্জ ওয়াশিংটন

বাংলাদেশে এ বছর ফিতরা কত?

তাহাজ্জুদ নামাজ নবীজি (সা.) এর অতি প্রিয় আমল

জাকাত কারা পাবেন আর কারা পাবেন না?

তুরস্কে নিরাপত্তা শঙ্কা, নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

রমজানে যেভাবে কাটত নবীজির দিনকাল

১০

নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

১১

দাপুটে পারফরম্যান্সে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

১২

বাঙালি কমিউনিটির বিস্তার, সাফল্য এবং সমন্বয়ের চ্যালেঞ্জ সংগঠন বাড়ছে, ঐক্য কি বাড়ছে?

১৩

নতুন অভিবাসীদের আশ্রয়স্থল হয়ে উঠছে ডেট্রয়েটের বাংলাটাউন

১৪

মিশিগানে জৈন্তাপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

১৫

শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

১৬

‘শিগগিরই কিউবার পতন’: ট্রাম্পের মন্তব্যে বিতর্ক

১৭

বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

১৮

উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন ২০ হাজার মার্কিন নাগরিক: স্টেট ডিপার্টমেন্ট

১৯

হোমল্যান্ড সিকিউরিটিতে নেতৃত্ব পরিবর্তন: নয়েমের স্থলাভিষিক্ত হচ্ছেন মুলিন

২০