বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইউরোপে পৌঁছানোর আশায় উত্তাল সমুদ্রে রাবারের নৌকায় ছয় দিন ভেসে থাকার পর গ্রিস উপকূলের কাছে অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটেছে। ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীরা শনিবার গ্রিসের কোস্টগার্ডকে ওই তথ্য জানিয়েছেন।

 

 

 

শুক্রবার ভোরের দিকে গ্রিসের কোস্টগার্ড বলেছে, ক্রিট দ্বীপের কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এক নারী ও এক শিশুসহ ২৬ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। পরে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে গ্রিসের কোস্টগার্ড বলেছে, এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরেছেন ২১ বাংলাদেশি, ৪ দক্ষিণ সুদানি এবং ১ জন চাদের নাগরিক। জীবিত উদ্ধার অভিবাসনপ্রত্যাশীরা বলেছেন, নৌকায় থাকা মানবপাচারকারীদের একজনের নির্দেশে মৃতদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়েছে। কোস্টগার্ড বলেছে, উদ্ধারকৃতদের মধ্যে দু’জনকে ক্রিট দ্বীপের হেরাক্লিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

উদ্ধারকৃতদের বরাত দিয়ে গ্রিসের কোস্টগার্ড বলেছে, গত ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর তোবরুক থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রাজনৈতিক আশ্রয়প্রত্যাশীদের প্রধান প্রবেশপথ হয়ে উঠেছে গ্রিস। কোস্টগার্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যাত্রার সময় পথ হারিয়ে ফেলায় আরোহীরা খাবার ও পানি ছাড়াই ছয় দিন সমুদ্রে ভেসে ছিলেন। পরে পাচারকারীদের একজনের নির্দেশে মৃতদের দেহ সাগরে ফেলে দেওয়া হয়।’’

 

 

গ্রিস কর্তৃপক্ষ ১৯ ও ২২ বছর বয়সী দক্ষিণ সুদানি দুই যুবককে গ্রেপ্তার করেছে; যারা পাচারকারী বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ‘অবৈধ অনুপ্রবেশ’ এবং অবহেলাজনিত হত্যার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ ক্রিটের ইয়েরাপেত্রা শহর থেকে ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণে নৌকাটির সন্ধান পাওয়া যায়।

 

 

বৈরী আবহাওয়া

 

গ্রিসের কোস্টগার্ডের এক মুখপাত্র এএফপিকে বলেছেন, সমুদ্রযাত্রার সময় নৌকাটি অত্যন্ত ‘প্রতিকূল আবহাওয়ার’ কবলে পড়েছিল। এর সঙ্গে খাবার এবং পানির তীব্র সংকটে ‘ক্লান্তি ও অবসাদে’ ওই ২২ জন মারা গেছেন বলে জানিয়েছেন তিনি।তিনি বলেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত দুই পাচারকারীর নির্দেশে মৃতদের দেহ সাগরে ফেলে দেওয়া হয়েছে।

 

 

চলতি মাসের শুরুর দিকে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স বলেছিল, ২০২৬ সালের প্রথম দুই মাসে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকালে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। শনিবার ইইউ কমিশনের একজন মুখপাত্র বলেছেন, ‘‘এসব মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রমাণ করে, অভিবাসন রুটে থাকা অংশীদার দেশগুলোর সঙ্গে কাজ এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে লড়াই জোরদার করা কতটা জরুরি। কারণ এত মানুষের প্রাণহানির জন্য তারাই দায়ী।’’

 

 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভূমধ্যসাগরে ডুবে অন্তত ৫৫৯ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন; যেখানে গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ২৮৭। এর আগে, গত বছরের ডিসেম্বরে ক্রিটের দক্ষিণ-পশ্চিমে একটি নৌকা থেকে ১৭ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। নৌকাটি ফুটো হয়ে আংশিক ডুবে যাওয়ায় ওই অভিবাসনপ্রত্যাশীরা মারা যান। সেই সময় ডুবে যাওয়া নৌকার মাত্র দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল এবং বাকি ১৫ জন ডুবে মারা গেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছিল। তাদের মরদেহ আর পাওয়া যায়নি।

 

 

অবৈধ পারাপার ঠেকাতে গত বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্ট ইইউয়ের অভিবাসন নীতি কঠোর করার প্রস্তাব অনুমোদন করেছে। এতে অভিবাসনপ্রত্যাশীদের ইইউ বহির্ভূত তৃতীয় কোনও দেশে পাঠানোর জন্য ‘রিটার্ন হাব’ তৈরির প্রস্তাব করা হয়েছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এই প্রস্তাবকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে এর সমালোচনা করেছে।

 

 

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

১০

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

১১

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

১২

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

১৩

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

১৪

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১৫

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১৬

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১৭

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৮

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৯

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

২০