যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বস ‘৩০ অনূর্ধ্ব ৩০’ তরুণ সফল ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে। এতে স্থান পেয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশি গবেষক ও উদ্যোক্তা নবনীতা নাওয়ার । ২৮ বছর বয়সি নবনীতা এই তালিকায় একমাত্র বাংলাদেশি। ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৩০ বছরের কম বয়সি ৩০ জনকে নিয়ে বুধবার এক প্রতিবেদনে তালিকাটি প্রকাশ করে ফোর্বস।
সাময়িকীটিতে বলা হয়েছে, টরন্টোকেন্দ্রিক প্রথম এই তালিকায় আর্থিক, প্রযুক্তি, বিজ্ঞান, ক্রীড়া ও কলা ক্ষেত্রে সফল তরুণদের নির্বাচিত করা হয়েছে।
এইচড্যাক্স থেরাপিউটিকস নামে টরন্টোভিত্তিক একটি প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা নবনীতা। তার সঙ্গে আছেন আরেক সহপ্রতিষ্ঠাতা থাই বংশোদ্ভূত পিমুয়াপা মানসিয়ংকুল। তরুণ গবেষক ও উদ্যোক্তার তালিকায় তাদের দুজনকেই রেখেছে ফোর্বস। নবনীতা ও পিমুয়াপার নাম ও ছবি উল্লেখ করে এইচড্যাক্স থেরাপিউটিকস সম্পর্কে লেখা হয়েছে, এইচড্যাক্স থেরাপিউটিকস এই প্রথমবারের মতো পেরিফেরাল নিউরোপ্যাথির (পিএন) চিকিৎসা বা ওষুধের উন্নয়ন করছে, যা বিশ্বের তিন কোটির বেশি মানুষের কাজে আসবে।

ক্যানসারের জন্য নেওয়া কেমোথেরাপি, ডায়াবেটিস, কোনো আঘাত বা জিনগত কারণে ক্ষতিগ্রস্ত স্নায়ুর কারণে ব্যথা, বোধহীনতা, পক্ষাঘাত ও চলনহীনতায় ভোগেন পিএন রোগীরা। এই রোগের এখনো কোনো ওষুধ নেই, যা এই রোগের বেড়ে ওঠাকে ঠেকাতে পারে।
মন্তব্য করুন