যুক্তরাষ্ট্রের ওয়েন স্টেট ইউনিভার্সিটি ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য ‘ওয়েন স্টেট গ্যারান্টি’ কর্মসূচির আওতা সম্প্রসারণ করে নতুন সুবিধা ঘোষণা করেছে। এই উদ্যোগের ফলে অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানান্তরিত হয়ে ভর্তি হওয়া যোগ্য শিক্ষার্থীরা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বিনামূল্যে টিউশন সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রসারিত এই কর্মসূচির আওতায় ট্রান্সফার শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি ও সাধারণ শিক্ষাবিষয়ক ফি বহন করবে কর্তৃপক্ষ। এ সুবিধা পেতে হলে শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয় ৮০ হাজার ডলার বা তার কম এবং মোট সম্পদের পরিমাণ ৫০ হাজার ডলারের মধ্যে থাকতে হবে। এর আগে কর্মসূচিটি শুধুমাত্র প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ছিল। নতুন সিদ্ধান্তের ফলে পূর্ণকালীন ট্রান্সফার শিক্ষার্থীরাও এর আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এর মাধ্যমে অতিরিক্ত এক হাজারেরও বেশি শিক্ষার্থী উপকৃত হওয়ার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রিচার্ড এ. বিয়ারশবাখ এক বিবৃতিতে বলেন, ট্রান্সফার শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও দৃঢ়তা নিয়ে ক্যাম্পাসে আসেন এবং তাদের শিক্ষাজীবন সম্পন্ন করতে আর্থিক ব্যয় কোনো বাধা হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, এই সম্প্রসারণ মিশিগানের পরিবারগুলোর প্রতি বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে এবং শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠানের ভূমিকা জোরদার করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ২২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৩৭০-এরও বেশি শিক্ষার্থী এখানে স্থানান্তরিত হয়ে ভর্তি হয়েছেন। এদের মধ্যে প্রায় ৭৫ শতাংশ কমিউনিটি কলেজ থেকে এসেছেন এবং প্রায় ৭৩ শতাংশ পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া ট্রান্সফার শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই তাদের পরিবারের প্রথম প্রজন্মের কলেজ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের কৌশলগত ভর্তি বিষয়ক ভাইস প্রভোস্ট চার্লস কটন বলেন, এই সম্প্রসারণ চার বছর মেয়াদী ডিগ্রি অর্জনের পথে ট্রান্সফার শিক্ষার্থীদের আর্থিক বাধা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় আরও জানায়, তাদের পূর্ণকালীন ট্রান্সফার শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৭০ শতাংশ সফলভাবে স্নাতক ডিগ্রি অর্জন করেন, যা অঙ্গরাজ্যের গড় ৫৫ শতাংশের তুলনায় বেশি। আর্থিক সহায়তা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ক্যাথরিন কে বলেন, শিক্ষার ব্যয়ভার ও শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করা একসঙ্গে সম্ভব হলে ট্রান্সফার শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হন।
এই কর্মসূচিটি ২০২৬ সালের ফল সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। যোগ্য হতে হলে শিক্ষার্থীদের পূর্ববর্তী প্রতিষ্ঠানের ফলাফলের ভিত্তিতে ন্যূনতম ৩ দশমিক ২৫ জিপিএ থাকতে হবে এবং ২০২৩ সাল বা তার পরে মিশিগানের কোনো হাই স্কুল থেকে স্নাতক হতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে চালু হওয়া এই কর্মসূচির লক্ষ্য ছিল বছরে ৭০ হাজার ডলার বা তার কম আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য টিউশন ফি বিনামূল্যে নিশ্চিত করা। পরবর্তীতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আয়সীমা বাড়িয়ে ৮০ হাজার ডলারে উন্নীত করা হয়। ২০২৪ সালের হিসাবে মিশিগানে মধ্যম পারিবারিক আয় ছিল ৭২ হাজার ৮৭৫ ডলার। তবে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এই কর্মসূচির আওতায় আবাসন, মিল প্ল্যান, বইপত্র এবং নির্দিষ্ট কোর্সের অতিরিক্ত ফি অন্তর্ভুক্ত নয়।
মন্তব্য করুন