নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রায়ই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ছবি, ভিডিও বা মিম শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তেমনই একটি ভিডিও শেয়ার করেন তিনি, যার একটি অংশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামাকে বানর হিসেবে উপস্থাপন করা হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। এবার ওই ভিডিও নিয়ে সরাসরি ট্রাম্পের সমালোচনা করেছেন বারাক ওবামা। তিনি ট্রাম্পের এমন কর্মকাণ্ডকে মার্কিন রাজনৈতিক শিষ্টাচারের চরম অবক্ষয় হিসেবে অভিহিত করেছেন।
ওবামা বলেছেন, রাজনীতি এখন একটি ‘ক্লাউন শো’ বা সস্তা তামাশায় পরিণত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক বিশ্লেষক ব্রায়ান টাইলার কোহেনকে দেওয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
পডকাস্টে ওবামা বলেন, ‘যারা একসময় পদের মর্যাদা এবং শিষ্টাচারকে সম্মান করত, তাদের মধ্যে এখন আর কোনো লজ্জা নেই। আমেরিকার রাজনৈতিক আলোচনা এখন যে পর্যায়ের নিষ্ঠুরতায় গিয়ে ঠেকেছে, তা আগে কখনো দেখা যায়নি।’ ৫ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ১ মিনিটের ওই এআই ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওর শেষ অংশে, মাত্র এক সেকেন্ডের জন্য ওবামা দম্পতির মুখ বানরের শরীরে বসানো অবস্থায় দেখানো হয়। ওই দৃশ্যে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে জনপ্রিয় গান ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’।
এ ছাড়া ভিডিওটিতে আবারও ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপি হয়েছে বলে দাবি করা হয় এবং ব্যালট গণনাকারী প্রতিষ্ঠান ডমিনিয়ন ভোটিং সিস্টেমসকে নির্বাচন ‘চুরি’র জন্য দায়ী করা হয়। সাক্ষাৎকারে ওবামা কেবল বর্ণবাদ নয়, বরং মিনেসোটায় ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর অভিযানেরও কঠোর সমালোচনা করেন। সেখানে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক (রেনি গুড ও অ্যালেক্স প্রেটি) নিহতের ঘটনাকে তিনি ‘স্বৈরাচারী’ ও ‘একনায়কতান্ত্রিক’ দেশের আচরণের সঙ্গে তুলনা করেছেন।
মন্তব্য করুন